গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. জাহাঙ্গীর ফরাজী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৫টায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাসযোগে ঢাকা থেকে এসে তিনি জামালদী বাসস্ট্যান্ড এলাকার উত্তর পাশে নেমে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে হামদর্দ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. জাহাঙ্গীর ফরাজী উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের মৃত নুরুল ইসলাম ফরাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান, তিনি সম্ভবত ওভারব্রিজে না উঠে মহাসড়ক পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর জখম হয়।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।