ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ :
কোনো স্বার্থ ছাড়াই মানুষের জীবন বাঁচাতে যারা এগিয়ে আসেন, তারাই আসল বীর — এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে উপাচার্য বলেন, জীবনে তিনি নিজেও ১০ ব্যাগ রক্ত নিয়েছেন। তাই রক্তদাতাদের কষ্ট আর মহত্ব তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করেন। শুধু সনদ বা ক্রেস্ট দিয়ে এই মহান কাজের মূল্যায়ন করা সম্ভব নয়, রক্তদাতাদের সম্মান মানুষের অন্তরে গেঁথে থাকে।
পরে তিনি সম্মাননা প্রাপ্ত রক্তদাতাদের হাতে সনদ, মেডেল ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, কোয়ান্টাম ল্যাবে বর্তমানে সাড়ে ৫ লাখের বেশি স্বেচ্ছা রক্তদাতার পুল রয়েছে। ২০০০ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এই ল্যাব থেকে রক্ত ও রক্ত উপাদান পেয়ে ১৮ লাখের বেশি মুমূর্ষু রোগীর জীবন রক্ষা পেয়েছে।
এর মধ্যে ৫০ বারের বেশি রক্ত দেওয়া প্লাটিনাম ডোনার ২০১ জন, ২৫ থেকে ৪৯ বার দেওয়া গোল্ডেন ডোনার ৩ হাজার ১৭৪ জন, ১০ থেকে ২৪ বার দেওয়া সিলভার ডোনার ১৩ হাজার ১৫৮ জন এবং অন্তত ৩ বার দেওয়া লাইফ লং ডোনার ৫৯ হাজারের বেশি।
শুধু নারী রক্তদাতার সংখ্যাই কোয়ান্টাম ল্যাবে ৫৫ হাজার ৬০ জন। এর মধ্যে লাইফ লং ডোনার ৬ হাজার ৪৯ জন, সিলভার ডোনার ১ হাজার ৭২ জন, গোল্ডেন ডোনার ১৮২ জন এবং প্লাটিলেট ডোনার ৫ জন।
অনুষ্ঠানে ৫০ বারের নারী প্লাটিনাম রক্তদাতা সৈয়দা রাবেয়া বসরী মুনমুন রক্তদানের অনুভূতি তুলে ধরেন। এছাড়া থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা মেহেদী হাসান ও হিমোফিলিয়ায় আক্রান্ত আব্দুল্লাহও তাদের অনুভূতির কথা জানান।
কোয়ান্টামের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করে উপাচার্য বলেন, কোয়ান্টাম মানুষের আত্মিক পরিচর্যা ও আত্মপরিচয় তৈরিতে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান।