রিয়াদ হাসান
দাবি করা চাঁদার বাকি টাকা না দেওয়ায় মুন্সীগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোনিয়া জাহান শহরের ইদ্রাকপুর এলাকার সাতুল হেরা বালিকা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে অসুস্থ মাকে ক্লিনিক থেকে দেখে বাড়ি ফেরার পথে রবিন, আশিকসহ ১০-১৫ জনের একটি দল তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। নিজের ও ছেলের জীবনের ভয়ে তিনি তখন তাদের ১০ হাজার টাকা দিতে বাধ্য হন।
কিন্তু বাকি টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই দলটি। বুধবার রাতে তারা আবার বাড়িতে এসে হুমকি দিয়ে জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনায় সোনিয়া জাহান সদর থানায় অভিযোগ করলে পুলিশ আশিক নামে একজনকে গ্রেপ্তার করে।
এর জেরে বৃহস্পতিবার সকালে রবিনসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আবার তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা ঘরের জানালা, আসবাবপত্র ও আলমারি ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি আইফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির সামনে রাখা তার কলেজপড়ুয়া ছেলে সিয়ামুছ সাকিবের মোটরসাইকেলও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর করা হয়।
সোনিয়া জাহান বলেন, “চাঁদার বাকি টাকা দিতে অস্বীকার করায় তারা আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।”
তিনি জানান, মূল অভিযুক্ত রবিন নয়াগাঁও গ্রামের মো. আলী দেওয়ানের ছেলে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার তদন্তকারী কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, “যারা হামলা করেছে তারা নেশাগ্রস্ত কিশোর গ্যাং। অভিযোগ পেয়ে আশিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।”
ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষিকা ও তার পরিবারের সদস্যরা।