মুন্সীগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৬:

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর যেন শুক্রবার পরিণত হয়েছিল জনসমুদ্রে। জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়ের সামনে দাঁড়িয়ে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বললেন, “বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না, ইনশাআল্লাহ।”

“আমরা সবাই সমান নাগরিক”
বক্তব্যের শুরুতে সম্প্রীতির কথা তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি-সমতলের সব জাতিগোষ্ঠী মিলেই আমরা বাংলাদেশি। নাগরিক অধিকার সবার সমান।

তবে মুসলমান হিসেবে পরিচয় তুলে ধরে তিনি বলেন, কুরআন-হাদিস আর রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করেই চলতে হবে — এটাই প্রকৃত মুসলমানিত্ব। অন্য ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবেন, এটা তাদের অধিকার।

“খতমে নবুওয়াতের দাবি আইনে আনবো”
ইজতেমা থেকে ওঠা দাবির প্রসঙ্গে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, খতমে নবুওয়াত সম্মেলনের দাবি-দাওয়া দীর্ঘদিনের। সরকার তা আইনে আনার চেষ্টা করছে। সবার সাথে আলোচনা করেই যা সম্ভব, তা বাস্তবায়ন করা হবে।

১৭ বছরের নির্যাতনের কথা স্মরণ করলেন আবেগঘন কণ্ঠে মন্ত্রী স্মরণ করেন বিগত ১৬-১৭ বছরের কথা।

তিনি বলেন, বায়তুল মোকাররম মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছিল। আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো জীবন কাটিয়েছেন। শাপলা চত্বরে রাতের অন্ধকারে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আজও সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল।

হেফাজতে ইসলামের প্রকাশিত কিতাবে ছবিসহ অনেকের পরিচয় উঠে এসেছে জানিয়ে তিনি বলেন, “সেই মামলা এখন আইসিটি ট্রাইব্যুনালে তদন্ত শেষ পর্যায়ে। বিচার হবেই, ইনশাআল্লাহ।”

সীমান্তের ওপার থেকে অস্থিরতার পাঁয়তারা
মন্ত্রী অভিযোগ করেন, পতিত শক্তি এখনো সীমান্তের ওপার থেকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। অডিও-ভিডিও বার্তায় আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, আশুলিয়ায় শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করা হয়েছিল। সরকার মজুরি বোর্ড করে ন্যূনতম মজুরি ঘোষণা দিয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেছেন। কিন্তু দুষ্কৃতকারীরা এখনো শ্রমিকদের নাম ব্যবহার করে নৈরাজ্য চাইছে।

“যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, এমপিদের বাড়িঘর আর দোকানপাট জ্বালিয়েছে — তাদের আমরা চিহ্নিত করেছি,” বলেন তিনি।

শেষ বার্তা: ঐক্যই শক্তি
বক্তব্যের শেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাজনৈতিক দল আলাদা থাকবে, আদর্শ আলাদা থাকবে, সংসদে তর্ক-বিতর্ক হবে — এটাই গণতন্ত্র। কিন্তু ফ্যাসিবাদ, আলেম-বিদ্বেষ, ইসলাম-বিদ্বেষ আর পরদেশী সেবাদাস শক্তির প্রশ্নে সারা বাংলাদেশ এক।

“ফ্যাসিবাদবিরোধী যেভাবে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলবো। সেই ঐক্যই আমাদের শক্তি। সেই শক্তি দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবো, শান্তি-শৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।”
ইজতেমায় যারা ছিলেন: সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীর। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। তিন দিনব্যাপী আয়োজনে কয়েক হাজার  দেশি-বিদেশি ওলামা কেরাম অংশ নেন।

এছাড়া  স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

 

 

শেয়ার করুন