টানা চার জয়ের পর থামতে হলো মোহামেডানকে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের হাইভোল্টেজ ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে ২-১ গোলে হারল সাদা-কালো শিবির। চলতি লিগে এটাই মোহামেডানের প্রথম হার।
ম্যাচের শুরুটা অবশ্য ছিল মোহামেডানেরই।
প্রথমে এগিয়ে মোহামেডান:
মাত্র ৬ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের লম্বা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন শাহরিয়ার ইমন। এরপর নিখুঁত শটে গোলকিপারের পাশ দিয়ে জালে বল পাঠান এই ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে যায় মোহামেডান।
*দ্বিতীয়ার্ধে বদলে গেল খেলা*
বিরতির পর যেন অন্য রহমতগঞ্জকে দেখা গেল। আক্রমণাত্মক ফুটবল খেলে চাপ বাড়াতে থাকে তারা। সতীর্থের লম্বা ক্রস ধরে কোনাকুনি শট নেন ইব্রাহিমা সেনে, বল দূরের পোস্টের ভেতরে লেগে জালে জড়ায়। সমতায় ফেরে রহমতগঞ্জ।
*প্রিন্সের জাদুকরি গোল*
ম্যাচের সেরা মুহূর্তটা আসে এরপর। কুশল দৈউবার ফ্রি কিক ক্লিয়ার করতে ব্যর্থ হয় মোহামেডানের রক্ষণভাগ। শূন্যে শরীর ভাসিয়ে দৃষ্টিনন্দন সাইড ভলিতে জাল খুঁজে নেন প্রিন্স আনশাহ।
গ্যালারিতে তখন উল্লাস, মাঠে রহমতগঞ্জের জয়ের আনন্দ। এই গোলেই ম্যাচের ভাগ্য গড়ে দেন প্রিন্স।
পয়েন্ট টেবিলে কী অবস্থা?
টানা চার ম্যাচ জয়ের পর প্রথমবার হারল মোহামেডান। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
অন্যদিকে তিন ড্রয়ের পর টানা দুই জয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল রহমতগঞ্জ।