মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পণ্যবাহী কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস, লুণ্ঠিত কাভার্ডভ্যান এবং ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ৩০০ বস্তা প্লাস্টিক দানা নিয়ে একটি কাভার্ডভ্যান পাঠানো হয়। এসব প্লাস্টিক দানার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা। পরদিন ১৯ নভেম্বর ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কাভার্ডভ্যানটি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ভূঁইয়া পাম্পের বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পৌঁছালে একটি সাদা রঙের টয়োটা নোয়া গাড়িতে থাকা চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালককে থামার সংকেত দেন।
চালক গাড়ি থামালে তারা মাদক থাকার অভিযোগ তুলে তাকে মারধর করেন। একপর্যায়ে চালকের মোবাইল ফোন, গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার কথা বলে তাকে অন্য একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ সময় চক্রের একজন সদস্য কাভার্ডভ্যানে অবস্থান করেন। পরে চালককে কুমিল্লার একটি নির্জন স্থানে নামিয়ে দিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের কাভার্ডভ্যান ও তাতে থাকা ২০ লাখ ৪০ হাজার টাকার প্লাস্টিক দানা নিয়ে পালিয়ে যায় চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক গজারিয়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ সুপার মো. বদরুদ্দোজার দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ, পিপিএমের তত্ত্বাবধানে এবং গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তথ্যপ্রযুক্তি ও কৌশলগত তৎপরতার মাধ্যমে এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার লালবাগের রাজু আহমেদ (৪০), কামরাঙ্গীরচরের নুরুজ্জামান (২৯), লক্ষ্মীপুরের রামগঞ্জের খোরশেদ আলম (৪৫) এবং মাদারীপুরের শিবচরের জাকির হোসেন (৩১)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১২-৮২৪৫ ও ঢাকা মেট্রো-চ-১৪-৬৮৭৪ নম্বরের দুটি মাইক্রোবাস এবং লুণ্ঠিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি লেজার লাইট বা টার্গেট লাইট, ‘PRESS’ লেখা স্টিকার, ‘জরুরি চিকিৎসক’ লেখা স্টিকার, একটি ছোট টর্চলাইট ও দুটি লাঠি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও দস্যুতার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। এ চক্রের সঙ্গে আরও দুই থেকে তিনজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের কাছে আরও লুণ্ঠিত মালামাল রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ আরও জানায়, মামলার প্রাথমিক পর্যায়ে চারজনকে আসামি করে মামলা করা হলেও তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় ডাকাতির মামলায় রূপান্তর করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#
সংবাদ শিরোনাম :
গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি, চারজন গ্রেপ্তার
-
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: - প্রকাশের সময় : ০৭:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- ১৭ বার পঠিত
শেয়ার করুন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ














