মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে। আর আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে। দুজনেই সম্পর্কে চাচাতো ভাই।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে মূল বাড়ির কিছুটা দক্ষিণে অবস্থিত পুরোনো বাড়িতে (ছালাম দেওয়ানের বাড়ি) বেড়াতে যান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন তিনি।
এ সময় দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়।
পরে সকালে শিশুদের খাবার খাওয়ানোর জন্য তাদের মায়েরা খোঁজ করতে গিয়ে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। পরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।
দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, _“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 









