স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মিরকাদিম পৌর প্রশাসক আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার সেমিফাইনালের বিষয় ছিল, সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ না অভিশাপ? এবং ফাইনালের বিষয় ছিল বই পড়ার অভ্যাস কমে যাওয়ার জন্য প্রযুক্তি দায়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান।
প্রতিযোগিতায় মিরকাদিম পৌরসভার চারটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনালে মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ও রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ও প্রতিযোগিতায় অংশ নেয়। এসময়
মাহবুব আলম জয়ের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শহিদুল হক, মুন্সীগঞ্জ প্রথম আলোর প্রতিনিধি মোঃ ফয়সাল হোসেন,
রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুজ্জামান , মিরকাদিম হাজী আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাংদবাদিক জাহাঙ্গীর আলম সহ অন্যরা।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বজ্রযোগীনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীফ হোসেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মেহেদি হাসান, মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিন আল মামুনসহ ।
এ সময় সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদুর রহমান বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 








