স্টাফ রিপোর্টার: রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘের নতুন দ্বি-বার্ষিক কমিটি অনুমোদিত হয়েছে। নবগঠিত ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান হাকিম ভূইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. আশিক মাহমুদ।
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকার নিবন্ধিত এ সংগঠনটি দেশের প্রাচীন যুব ও সামাজিক সংগঠনগুলোর অন্যতম। দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, করোনা-পরবর্তী সময়ে ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মৃত্যু এবং কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠকের প্রবাসে চলে যাওয়ার কারণে ২০২৩ সাল থেকে সংগঠনটি সাংগঠনিক সংকটের মধ্যে পড়ে। ফলে সংগঠনের বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা ব্যাহত হয়।
দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর জেলা সমাজসেবা অধিদপ্তরের বর্তমান উপপরিচালক (ভারপ্রাপ্ত) কর্তৃক নবগঠিত ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ অনুমোদন লাভ করে।
নবনির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান হাকিম ভূইয়া এবং সাধারণ সম্পাদক ডা. আশিক মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের স্থবিরতা কাটিয়ে রংমেহার পল্লী উন্নয়ন যুব সংঘ তার ঐতিহ্য ও গৌরবময় অতীত ফিরে পাবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ আরিফ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ফাহিম শেখ, দপ্তর সম্পাদক রিফাত শেখ, ক্রীড়া সম্পাদক নবীন মোড়ল, আইন সম্পাদক রিপন দেওয়ান, লাইব্রেরি সম্পাদক সোহেল মিয়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাজহারুল নাফিজ ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, সহ-সভাপতি মো. এরসাদ এবং সদস্য হিসেবে জয়নাল শেখ, মিহন শেখ, হৃদয় শেখ ও ইয়ামন ইসলাম নীরবসহ অন্যান্যরা।
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 








