স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদে পঞ্চসার ইউনিয়ন পরিষদের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস এম আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: রুহুল আমিন।
সভায় ইউনিয়নের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশ উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গৃহীত সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ডাম্পিং পয়েন্ট স্থাপন করে নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যবস্থা নিশ্চিত করা, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে প্রকল্পের মাধ্যমে ১০টি বর্জ্যবাহী গাড়ি ও একটি ট্রাক ক্রয়, ডেঙ্গু প্রতিরোধে তিনটি ফগার মেশিন সংগ্রহ, চলতি মাসে দেড় হাজার মিটার ড্রেন পরিষ্কার এবং আগামী জুলাই-আগস্ট মাসে তিনটি খাল সংস্কার করা।
এছাড়া পরিষদের নিজস্ব উদ্যোগে ৩ হাজার গাছের চারা রোপণ, এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা, প্রতিটি গ্রামে ১১ সদস্যবিশিষ্ট কমিটি এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণ, কমিউনিটি এবং ইউনিয়ন পরিষদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ স্থানসমূহের ময়লা অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
দৈনিক সভ্যতার আলো ডেস্ক: 








